সাব্বির কামাল, গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলার সাথীদের সঙ্গে খেলতে গিয়ে দোলনায় ওড়না পেচিয়ে আফরা মেহনাজ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে পৌরসভার জামতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আফরা মাহনাজ (৬) উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়ান গ্রামের আব্দুল্লাহ আল মামুন বাবু ও আফরোজা খাতুন দম্পতির দ্বিতীয় কন্যা। তারা পৌরসভার জমতলা মোড় এলাকায় বাসিন্দা। শিশুটি স্থানীয় গফরগাঁও সেন্টাল স্কুল এন্ড কলেজের কে জি শ্রেণির ছাত্রী।
পুলিশ ও শিশুটির
পরিবার সূত্রে জানা গেছে, সকাল বেলায় আফরা বাসার পাশে খেলাধূলা করছিল। একপর্যায়ে সে দোলনায় দোল খেতে গিয়ে গলায় থাকা ওড়না দোলনার সঙ্গে পেঁচিয়ে যায়।
অন্য শিশুদের চিৎকারে পরিবারের সদস্যরা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে
মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন,’ বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
শিশুটির এমন করুণ মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

