মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার পৌর গোরস্থান সংলগ্ন এলাকায় অভিযানে ৪ জন সিএনজি চালককে জরিমানা করা হয়। এসময় ৩ টি সিএনজি ডাম্পিংয়ে পাঠানো হয়। অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
অভিযানে ডাম্পিং হওয়া সিএনজির যাত্রীদের ভোগান্তির কথ চিন্তা করে তাদের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।
অভিযান শেষে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, ‘যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরো জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহণ মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়। যাত্রীদেরও এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

