সাব্বির কামাল
গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. আবদুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ঈদের নামাজ আদায় নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এমন প্রেক্ষাপটে ১৪৪ ধারার আওতায় সংশ্লিষ্ট এলাকায় ৩০ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) জনসাধারণের উপর বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ সময়ে উক্ত এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো, মাইকিং বা উচ্চ শব্দযন্ত্র ব্যবহার নিষেধ করা হয়েছে।
এছাড়াও পাঁচজনের বেশি মানুষের জমায়েত, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
এঘটনায় পাগলা থানার ওসিকে এলাকা ও আশপাশে আদেশ প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন,’
ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় আদেশ কার্যকর থাকছে সাময়িকভাবে। আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।’

